সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেপ্তার তিন সন্দেহভাজনের প্রত্যর্পণ প্রক্রিয়ায় বাংলাদেশ প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে সরকার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারত থেকে হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের জন্য আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করেছি। আমরা আশা করি, উভয় সরকারের কাছ থেকে শিগগিরই একটি ইতিবাচক সাড়া পাব।”
তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের সময়সীমা দিলেও তাদের অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছে।
হাদী হত্যা মামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই তিনজন বর্তমানে ভারতে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে মামলা চলমান থাকলেও তাদের বাংলাদেশে হস্তান্তরের সুযোগ রয়েছে।
প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
।
