ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগমের মধ্যে হুড়োহুড়ির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে বিপুলসংখ্যক পুণ্যার্থীর ভিড় জমে। শ্রাবণ মাসের সোমবার হওয়ায় দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে শিবভক্তদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শনার্থী মন্দিরে উপস্থিত হন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, ভিড়ের মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। এতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং এরপর সেখানে হুড়োহুড়ি শুরু হয়।
লখিসরাইয়ের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) শিবম কুমার জানান, ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ঘটনাটি যাচাই করে বিস্তারিত কারণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার বলেন, সোমবার সকালে মন্দির এলাকায় নজিরবিহীন ভিড় তৈরি হয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন সেখানে পৌঁছালে পুণ্যার্থীর সংখ্যা আরও বেড়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই বিপুল সমাগমের আশঙ্কা করা হয়েছিল এবং সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট। তবে অতিরিক্ত মানুষের চাপে একটি প্রতিবন্ধকের এক পাশ ভেঙে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়ও ব্যাপক ভিড়ের মধ্যে পদপিষ্টের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।
