রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে তাঁর সরকারি বাসভবন ও জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপরই স্পিকারের সরকারি বাসভবনের সামনে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য ও গাড়িবহর মোতায়েন করা হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল কার্যকর করা হয়।
সরেজমিনে দেখা যায়, স্পিকারের বাসভবনের চারপাশে এসএসএফ সদস্যরা অবস্থান নিয়েছেন। প্রধান প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় আরও কঠোর করা হয়েছে।
এদিকে দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রমে পরিবর্তন দেখা যায়। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের গাড়িবহর সেখানে পৌঁছায়। একই সঙ্গে স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রটোকল প্রস্তুত করা হয়।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
