রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।”
পদত্যাগের বিষয়ে এক অনলাইন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে হোয়াটসঅ্যাপে এ মন্তব্য করেন রাষ্ট্রপতি। পদত্যাগপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে বলেন, “বলে দিছি, বুঝে নেন।”
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাতে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ২৪
