ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে বিকল্প উৎসের দিকে যেতে হবে। বর্তমানে ঢাকা শহরের ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হয়, যা ঝুঁকিপূর্ণ।
প্রতিমন্ত্রী জানান, মেঘনা নদী থেকে পানি এনে ঢাকায় সরবরাহের জন্য ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক সরকার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে।
এই অর্থের মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হবে। ঋণের অর্থ আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করে ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, গ্যাস সরবরাহের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ডেনমার্কের সহযোগিতা রাজধানীর ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি উন্নয়ন সহায়তার ক্ষেত্রেও ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও দেশটির বিনিয়োগের সুযোগ রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পানি সরবরাহ প্রকল্পের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ডেনমার্ক সরকার ১০০ কোটি টাকা সহায়তা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
