ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে ইরানের মেহর নিউজ এজেন্সি ও তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকার কারণে রণতরিটিতে দায়িত্ব পালনকারী নৌসদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তাঁদের অভিযোগ ও পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরিতে যান।
এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা ওই উপদেষ্টার উদ্দেশে দুয়োধ্বনি দেন এবং তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নৌসদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের ফলে হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
বর্তমানে রণতরিটি ভারত মহাসাগরে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিন তারা কোনো বিরতি ছাড়াই সমুদ্রে অবস্থান করেছে।
হতাহতের এই ঘটনার পর রণতরিটির অভ্যন্তরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: মেহর নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ
