ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। তবে বরফের সংকট থাকায় ঘাটে নেওয়ার আগেই মাছটিতে কিছুটা পচন ধরে। পরে মাছটি নিলামে প্রতি কেজি ৭৫০ টাকা দরে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছটি রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে নিয়ে আসেন জেলে খালেক মাঝি। পরে নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।
খালেক মাঝি জানান, শনিবার সন্ধ্যায় মেঘনায় কোরাল ধরার জালে মাছটি ধরা পড়ে। বরফ সংকটের কারণে আড়তে আনার সময় মাছটিতে কিছুটা পচন ধরে। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল।
মৎস্য ব্যবসায়ী শাকিল বলেন, বরফের সংকটের কারণে মাছটিতে পচন ধরেছিল। নিলামে সাড়ে ১০ হাজার টাকায় মাছটি কেনার পর ঘাটের ১৪ জন মৎস্য ব্যবসায়ী খাওয়ার জন্য মাছটি ভাগ করে নেন।
বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তের ম্যানেজার সুরুজিত দাস জানান, বরফ সংকটের কারণে মেঘনায় ধরা পড়া মাছটিতে পচন ধরেছিল। পরে নিলামে শাকিল ব্যাপারি ৭৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। এরপর ঘাটে মাছটি কেটে ১৪ জন ব্যবসায়ী ভাগ করে নিয়ে যান।
