রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পল্লবী থানায় কর্মরত এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) এবং মো. ওয়াসিম (২৪)। সোমবার (২৪ আগস্ট) দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে আজমপুর কাঁচাবাজার এলাকায় প্রথম অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে আটক করা হয়। সেখান থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে যৌথভাবে তল্লাশি চালানো হয়। ওই ফ্ল্যাট থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ নিয়ে অভিযানে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দক্ষিণখান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।
সোমবার গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় খুচরা বিক্রির কথা স্বীকার করেছেন।
এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন।
