রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আজ (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা থাকবেন।”
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। তাঁদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো একই পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। মনোনয়ন প্রক্রিয়া শেষে একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বৈধভাবে একজন প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে কমিশন আগামী রোববার অথবা তার পরবর্তী কোনো কার্যদিবসে সিদ্ধান্ত নিতে পারে।
এ বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।”
