সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নগদ অর্থ, সোনার গয়না ও হীরার অলংকার প্রদর্শন করতেন ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেই প্রদর্শনই এবার তার বাড়িতে বড় ধরনের চুরির ঘটনায় তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে।
পুলিশ জানিয়েছে, কন্যাকুমারীর নাগেরকোয়েলের ভিআইপি গার্ডেন এলাকায় মধুমিতার পারিবারিক বাড়ি থেকে প্রায় এক কোটি রুপির সম্পদ চুরি হয়েছে। চুরি হওয়া সম্পদের মধ্যে রয়েছে প্রায় ১২০ ভরি সোনা ও হীরার গয়না এবং নগদ ৫০ হাজার রুপি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে বাইরে গিয়েছিলেন মধুমিতা। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা সেখানে প্রবেশ করে।
পরে লকার ভেঙে সোনা, হীরার গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা। কেনাকাটা শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা লকার ভাঙা অবস্থায় দেখতে পান।
মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমে চার লাখ ৫০ হাজারের বেশি অনুসারী রয়েছে। তিনি নিয়মিত নিজের বিলাসী জীবনযাপনের বিভিন্ন দৃশ্য ভিডিও ও রিলের মাধ্যমে অনুসারীদের সামনে তুলে ধরতেন।
পুলিশ এখন তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও রিলগুলোও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখছে। তদন্তকারীদের ধারণা, এসব পোস্ট দেখে চোরেরা মধুমিতার পরিবারের অবস্থান, গতিবিধি এবং বাড়িতে মূল্যবান সামগ্রী থাকার বিষয়ে ধারণা পেয়ে থাকতে পারে।
বিশেষ করে নগদ অর্থের স্তূপ, সোনার গয়না এবং শিশুর ওপর রুপি ছিটানোর ভিডিওগুলো অপরাধীদের প্রভাবিত বা তথ্য দিতে ভূমিকা রেখেছিল কি না, তা বিশ্লেষণ করা হচ্ছে।
ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ পাঁচটি বিশেষ দল গঠন করেছে। তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যসহ চুরির অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।
