লন্ডনের নাইটসব্রিজ এলাকায় সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে সুদানের চলমান যুদ্ধ নিয়ে প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক সুদানি নাগরিক তাঁর পথ আটকে আমিরাতের বিরুদ্ধে সুদানের সাধারণ মানুষ হত্যায় সহায়তার অভিযোগ তুলে রক্তপাত বন্ধের দাবি জানাচ্ছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে যুগান্তর জানায়, মাকতুম ও তাঁর সফরসঙ্গীরা লন্ডনের ওই এলাকায় অবস্থান করার সময় ঘটনাটি ঘটে। রাস্তার অপর পাশ থেকে ওই সুদানি নাগরিক চিৎকার করে আমিরাতের ভূমিকার প্রতিবাদ জানান।
প্রতিবাদকারী সুদানে সাধারণ মানুষ হত্যার জন্য সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করেন এবং দেশটিতে রক্তপাত বন্ধের দাবি তোলেন। এ সময় মাকতুমের সফরসঙ্গীদের একজন প্রতিবাদকারীর দিকে এগিয়ে গিয়ে তাঁকে বর্ণবাদী গালিগালাজ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি রাস্তা পার হয়ে সরাসরি প্রতিবাদকারীর মুখোমুখি হন। এ সময় সুদানের সংকটে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করা হয়।
সুদানের সংঘাতে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সংযুক্ত আরব আমিরাত বরাবরই অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমিরাতের বিরুদ্ধে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সহায়তার অভিযোগ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া, চাদ ও সোমালিল্যান্ড হয়ে আরএসএফের কাছে অস্ত্র সরবরাহের বড় ধরনের প্রমাণ রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের এই সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
