চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নির্দেশনায় এসআই গৌবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) এবং নুসরাত জাহান ইভা (১৯)।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।”
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
