বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে চীন প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তঃদলীয় যোগাযোগ, যুব সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও অভিন্ন স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে চীন-বাংলাদেশ সম্পর্ক, আন্তঃদলীয় যোগাযোগ, যুব সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এনসিপিসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে চীন প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এনসিপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপকমিটি বাংলাদেশ ও চীনের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ বাড়াতে গঠনমূলক ভূমিকা রাখবে।
