বাংলাদেশের ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির বিকাশে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন সামুদ্রিক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম হাব হিসেবে গড়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্লু ইকোনমি খাতে দক্ষ পেশাজীবী হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
এ সময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন। উচ্চশিক্ষায় গবেষণার অগ্রগতি ও সম্ভাবনা নিয়েও তিনি আলোচনা করেন।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশের সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের মেরিটাইম খাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতিসহ দেশের মেরিটাইম খাতের উন্নয়নে এর সম্ভাব্য অবদান নিয়েও আলোচনা করা হয়।
