ভোলার দৌলতখান উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির বেপারী বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আবুল কাশেম ও তাঁর স্ত্রী রুজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত রাসু বেগমের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির কাশেম, তাঁর ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম এবং বজলুর মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়।
এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে তাঁর পরিবারের দাবি। পরে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন।
নিহতের মেয়ে রুবিনা বেগম অভিযোগ করেন, তাঁর মা রাসু বেগমকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আবুল কাশেম ও রুজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার তখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
