বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে সকাল ১১টায় সভাটি আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারের দায়িত্ব পালনের প্রথম ছয় মাসের কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সভায় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
সভায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালও সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যদেরও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
সভায় সরকারের গত ছয় মাসে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও সেগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের অগ্রাধিকার নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমের প্রশ্ন, মতামত ও বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
