বাসস
সামিট এলএনজি টার্মিনালের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে এই সরবরাহ চালু হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।
সামিটের মুখপাত্র জানান, শনিবার রাত ২টার মধ্যে সরবরাহ ধাপে ধাপে বাড়িয়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে নেওয়ার আশা করা হচ্ছে।
তিনি বলেন, সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সামিট শুক্রবার সন্ধ্যা থেকেই তাদের এফএসআরইউ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছাবে।’
পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, জাতীয় গ্রিডে সরবরাহ বাড়াতে একই সঙ্গে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।
