অস্ট্রেলিয়ার সিডনির মিন্টোতে প্রবাসী বাংলাদেশি নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসী নারীদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন করা হয়।
সিডনি বাংলা উইমেনস ফোরামের উদ্যোগে আয়োজিত উৎসবে নানা ধরনের দেশি পিঠা-পুলি, চটপটি, দই-মিষ্টি, কেক, বিভিন্ন ভর্তা ও অন্যান্য খাবারের আয়োজন ছিল। গান, কবিতা ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
সংগীত পরিবেশন করেন নিলুফার ইয়াসমিন, রোখসানা নাজনীন ও নাজ আহমেদসহ অন্যরা। নৃত্য পরিবেশন করেন ফারিয়া আনজুম ও সিমরান মুন। কবিতা আবৃত্তি করেন সুলতানা সুফিয়া মিতু ও পলি ফরহাদ।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিলকিস জাহান, সাথী খান ও নিলুফার ইয়াসমিন। আয়োজকদের প্রচেষ্টা ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনব্যাপী উৎসবটি মিলনমেলায় রূপ নেয়।
সিডনি বাংলা উইমেনস ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। প্রবাসী বাংলাদেশি নারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, সহযোগিতা এবং সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করাই সংগঠনটির লক্ষ্য।
সংগঠনের পক্ষ থেকে সাথী খান বলেন, প্রবাসে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নারীদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইতিবাচক ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখে।
বিলকিস জাহান বলেন, পিঠা বাঙালির শেকড়, ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িত। প্রবাসে এমন আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দিনভর উৎসব, আড্ডা, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির আবহ তৈরি হয়। আয়োজক ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও প্রবাসে বাংলার ঐতিহ্যবাহী পিঠাকে ঘিরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
