আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগে সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম ফজলুর রহমান। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
অভিযোগ অনুযায়ী, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন। ঘটনাটি সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ছাত্র-জনতার আন্দোলনের পর গত বছরের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে দায়ের করা এক অভিযোগে সুখরঞ্জন বালী দাবি করেন, তাকে জোরপূর্বক গুম করা হয়েছিল এবং দীর্ঘ সময় নির্যাতনের শিকার হতে হয়েছিল।
ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সুখরঞ্জন বালীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে ও পরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। পরে আদালত এলাকা থেকে তাকে তুলে নিয়ে দীর্ঘ সময় আটক রেখে নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন।
সুখরঞ্জন বালীর দাবি, তাকে কয়েক মাস গোপন স্থানে আটকে রাখা হয় এবং পরে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তিনি ভারতে কারাবন্দি ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
ডিবি সূত্র জানিয়েছে, এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত সাবেক এএসপিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনায় অন্যদের সম্পৃক্ততার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
