সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি হস্তান্তর করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে শুভেচ্ছাপত্রটি তুলে দেন। চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং সৌদি জনগণের প্রতি অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
চিঠিতে বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম ও মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের দায়িত্বের কথাও তুলে ধরা হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতা ও সেবার বিষয়টিও চিঠিতে গুরুত্ব পায়।
শুভেচ্ছাপত্রে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু প্রচলিত দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা ধর্মীয়, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত।
সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আবদুল হালিম এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
