স্থানীয় সরকার নির্বাচন কে করবে বা কোন দল অংশ নিতে পারবে কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সাংবাদিকরা স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়ে জামায়াতে ইসলামীর প্রস্তাব এবং এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “এবারের নির্বাচন নির্দলীয়। নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়। অন্য রাজনৈতিক দল কী বললো সেটি আমাদের দেখার বিষয় নয়।”
রিজভীর এ বক্তব্যের মাধ্যমে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে চলমান আলোচনার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে দলীয় সমর্থন বা অংশগ্রহণের বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।
