উন্নত জীবনের আশায় স্পেনে পাড়ি জমানোর চেষ্টা করতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। মাত্র ২০ বছর বয়সী এই ফুটবলার স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা পৌঁছানোর উদ্দেশ্যে সাগরপথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।
মরক্কোর ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম আল বতোলা জানিয়েছে, শনিবার (১ আগস্ট) সেউতায় প্রবেশের চেষ্টাকালে দুর্ঘটনাটি ঘটে। প্রবল স্রোতে ভেসে গিয়ে সাগরে ডুবে মারা যান ফাতেন।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মরক্কো-সেউতা সীমান্তে অভিবাসন সংকট আরও তীব্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, উন্নত জীবনের আশায় সাম্প্রতিক সময়ে বহু মানুষ সাগরপথ কিংবা সীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন। ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় ইতোমধ্যে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে।
ফাতেনের ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান এক বিবৃতিতে জানিয়েছে, খ্যাতি কিংবা রোমাঞ্চের আকর্ষণে নয়, বরং একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যতের আশায় তিনি এই বিপজ্জনক যাত্রা বেছে নিয়েছিলেন। সীমান্তের ওপারে নতুন জীবন গড়ে তোলাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
ফাতেনের অকাল মৃত্যুতে মরক্কোর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়ন এক শোকবার্তায় তাঁর পরিবার, স্বজন, সতীর্থ এবং মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সংগঠনটি তাদের বিবৃতিতে জানিয়েছে, এই কঠিন সময়ে তারা ফাতেনের পরিবারের পাশে রয়েছে। একই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের এই বেদনা সহ্য করার শক্তি কামনা করেছে।
