জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন জানিয়েছেন, তাঁর স্বামী গুরুতর অসুস্থ এবং গত তিন মাস ধরে তাঁর চিকিৎসা চলছে। স্বামীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সামান্থা শারমিন।
সামান্থা শারমিন বলেন, এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবারের একজন ভীষণ অসুস্থ। সেই ব্যক্তি তাঁর স্বামী। পারিবারিক জীবনকে আলোচনার বাইরে রাখতে চান বলেই আগের পোস্টে বিস্তারিত জানাননি বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে তাঁর স্বামীর চিকিৎসা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, একজন উদ্যমী, কর্মঠ ও তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হয়ে যেতে দেখা তাঁর জন্য অনেক যন্ত্রণার। একই সঙ্গে তিনি বলেন, আল্লাহ বিভিন্নভাবে বান্দাকে পাপমুক্ত করেন অথবা পরীক্ষা করেন।
স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়ে সামান্থা শারমিন বলেন, রাজনীতির কারণে তিনি, তাঁর স্বামী কিংবা দুজনেই অনেকের অপ্রিয়পাত্র হতে পারেন। এরপরও তিনি স্বামীর জন্য সবার দোয়া কামনা করেন।
