ইরান ও কয়েকটি উপসাগরীয় দেশের মধ্যে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে বৈঠক হলেও এতে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, উপসাগরীয় দেশগুলো ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে সেটি তাদের বিষয়।
আয়ারল্যান্ডের ডুনবেগে নিজের গলফ রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি আবারও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘খুবই মরিয়া’। একই সঙ্গে তিনি বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অথবা নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান হবে।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠককে ঘিরে আশাবাদ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আশা করছেন, এই বৈঠক আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দেশগুলোর মধ্যে ধারাবাহিক আলোচনার সূচনা করতে পারে।
আল-আরাবি আল-জাদিদকে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংলাপকে ভবিষ্যতে ওই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনার ভিত্তি হিসেবে কাজে লাগানো সম্ভব।
সোর্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি বৈঠকের একমাত্র আলোচ্যসূচি হলেও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাইরের পক্ষের হস্তক্ষেপ ও চাপিয়ে দেওয়া ব্যবস্থা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে তেহরান।
আরাকচির ভাষ্য, আঞ্চলিক সহযোগিতা যত বাড়বে, অঞ্চলের বাইরে থেকে হস্তক্ষেপ এবং বিভিন্ন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার সুযোগও ততটাই স্বাভাবিকভাবে কমে আসবে।
