পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটাতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলাইন লেভিট। চলতি আগস্টের শেষ দিকে তিনি পদটি ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব ছাড়ার পরও ট্রাম্পের অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন ২৮ বছর বয়সী এই কর্মকর্তা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেভিটকে তাঁর ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি জানান, প্রেস সেক্রেটারির পদ থেকে সরে গেলেও লেভিট প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির ভেতরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন লেভিট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই এ পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি।
গত মে মাসে কন্যাসন্তানের জন্ম দেন লেভিট। স্বামী নিকোলাস রিসিওর সঙ্গে এটি তাঁদের দ্বিতীয় সন্তান। তাঁদের দুই বছরের একটি ছেলেও রয়েছে। সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন লেভিট। গত মাসে তিনি আবার দায়িত্বে ফেরেন।
ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কারণ জানান লেভিট। তিনি বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন তাঁর জীবনের সবচেয়ে সম্মানজনক ও রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটি। তবে একই সঙ্গে মা হওয়া এবং যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম কঠিন দায়িত্ব সামলানো তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
লেভিটের ভাষ্য, কন্যাসন্তানের জন্মের পর হোয়াইট হাউসে কাজে ফিরে তিনি উপলব্ধি করেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়ার পর দুই সন্তানকে যথেষ্ট সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্তকে তিনি কঠিন হলেও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার আগেও ট্রাম্পের সঙ্গে কাজ করেছেন লেভিট। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগবিষয়ক পরিচালক ছিলেন।
২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লেভিট। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয় পেলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে পরাজিত হন।
লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর সাম্প্রতিক মাতৃত্বকালীন ছুটির সময় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তাঁদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম।
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬
