টানা ১৩ দিন বন্ধ থাকার পর রাঙ্গামাটি–বান্দরবান সড়কে আবারও সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। বেইলি সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ায় শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে প্রথম দিনে যাত্রীসংখ্যা কম থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোতে একটি বেইলি সেতুর অংশ ধসে পড়ার পর রাঙ্গামাটি–বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল প্রায় দুই সপ্তাহ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত বেইলি সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন।
বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের কাজ ২৩ জুলাই রাতেই সম্পন্ন হয়। এরপর ২৪ জুলাই পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। সবকিছু সন্তোষজনক হওয়ায় শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক ও সেতু পুনর্নির্মাণে প্রকৌশলীরা দিন-রাত কাজ করেছেন। কাজ শেষ হওয়ায় এখন সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হচ্ছে।
সওজ সূত্র জানায়, ১২ জুলাই পাহাড়ি ঢলের প্রবল স্রোত একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সরাসরি সেতুর ওপর আঘাত হানে। এতে সেতুর একাংশ ধসে পড়ে এবং সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি থেকে বান্দরবান রুটে যাত্রীবাহী বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনেক যাত্রী এখনও সড়ক চালুর খবর না পাওয়ায় প্রথম দিনে নির্ধারিত সংখ্যক বাস চলাচল নাও করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
