দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে দলীয় কমিটি গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৫ অক্টোবরের মধ্যে বাকি উপজেলাগুলোতেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে দলটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পরে তার পোস্টের বক্তব্য দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে দলের আহ্বায়ক কমিটি গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি উপজেলাগুলোতে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।
ঢাকার দুই মহানগর ছাড়া দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতেও আহ্বায়ক কমিটি গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে এনসিপির বার্তায় উল্লেখ করা হয়েছে।
দলটির পরিকল্পনা অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০ উপজেলাতেই আহ্বায়ক কমিটি থাকবে।
এর পাশাপাশি ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভা এবং ৩০ নভেম্বরের মধ্যে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে বলে জানানো হয়েছে।
