চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)–এর প্রথম কারখানা আগামী ১৮ মাসের মধ্যেই উৎপাদনে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, এ অর্থনৈতিক অঞ্চল চালু হলে স্থানীয় অর্থনীতিতে গতি আসবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেজা চেয়ারম্যান।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, গত মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে এ প্রকল্প নিয়ে বৈঠক হয়। শুরুতে প্রকল্পের প্রথম কারখানা চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানানো হলেও, প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে উৎপাদন শুরু করার চ্যালেঞ্জ দেন। পরে ডেভেলপার প্রতিষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কারখানা চালুর প্রতিশ্রুতি দেয়।
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিদেশি বিনিয়োগকারীরা আমাদের অতিথি। তারা বিনিয়োগে মুনাফা অর্জনের পাশাপাশি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবেন। এ জোন দ্রুত চালু হলে এ এলাকার চেহারা বদলে যাবে।”
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদেরও বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বেজা চেয়ারম্যান বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের বিকল্প নেই। তাই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
