রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরও অনেকে।
মামলায় বর্তমানে নয়জন আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ সংগ্রহ করেছে প্রসিকিউশন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতে ইসলামের সমাবেশ শেষে রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানরত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। গত ৫ আগস্টের পর এ ঘটনার বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম।
প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল গ্রহণ করায় বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হলো। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
