৩৫ বছর পর বাংলাদেশে সাংবিধানিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে।’
তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত। তাঁর আশা, এর মধ্য দিয়ে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবেন এবং দেশে গণতন্ত্রের নতুনভাবে সূচনা হবে।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের সংসদকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই ভোট দিয়েছেন।
ভোট গ্রহণের আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে সংসদে বক্তব্য দেন। তিনি দুই প্রার্থী এবং তাঁদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। পাশাপাশি সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করেন। নিয়ম অনুযায়ী, ব্যালট পেপারের নির্ধারিত অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ এবং মূল ব্যালটেও পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে বলা হয়। বিকেল ৫টার পর ভোট গণনা শুরু হবে বলে জানান সিইসি।
ভোটের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। এরপর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোট দেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন। পরে মির্জা ফখরুলও ভোট দেন।
এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এ নির্বাচনে ভোট দিচ্ছেন না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসায় ইসলামী আন্দোলন নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিফ হুইপ।
