জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং চূড়ান্ত বিজয়ের ইতিহাস তুলে ধরা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন।
জাদুঘর নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন ৬ আগস্ট থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
