কুষ্টিয়ার মিরপুরের নীলিমা হাকিম মৌ বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় (Meta) ভাষা প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন। ভাষাবিজ্ঞান, গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তার এই অর্জনে গর্বিত তার পরিবার ও মিরপুরের মানুষ।
নীলিমা হাকিম মৌ উপজেলার সদরপুর ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের জ্যেষ্ঠ কন্যা। আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের সূচনা। পরে আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং আমলা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।
উচ্চশিক্ষার জন্য এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন নীলিমা। ২০১৬ সালে সেখান থেকে স্নাতক (সম্মান) এবং ২০১৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
বর্তমানে জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে ভাষাবিজ্ঞানে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন নীলিমা। তার গবেষণার উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ভাষা সংরক্ষণ ও পুনরুজ্জীবন, সমাজভাষাবিজ্ঞান, গণনামূলক ভাষাবিজ্ঞান, দ্বিতীয় ভাষা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লেখালেখি।
ভাষাবিজ্ঞানকে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিন ধরে গবেষণা ও প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি জর্জ ম্যাসন ইউনিভার্সিটির বোর্ড অব ভিজিটরসে স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মেটায় ভাষা প্রকৌশলী হিসেবে নীলিমার নতুন দায়িত্ব প্রযুক্তি ও ভাষাবিজ্ঞানের আন্তঃসম্পর্কের গুরুত্বকে সামনে এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বৃহৎ ভাষা মডেল (এলএলএম), স্বয়ংক্রিয় অনুবাদ এবং বহুভাষিক প্রযুক্তির বিকাশে ভাষাবিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নীলিমা হাকিম মৌয়ের এই অর্জন তার পরিবারের পাশাপাশি মিরপুর ও কুষ্টিয়াবাসীর জন্যও গর্বের বিষয়। মানবিক বিভাগের শিক্ষার্থী, গবেষক এবং উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের জন্য তার শিক্ষাজীবন ও গবেষণার পথচলা একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
