বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর তা যথাযথভাবে পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবেন কি না, তা নিয়ে নিজের মধ্যে গর্ব, আনন্দের পাশাপাশি এক ধরনের উদ্বেগও কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অনুভূতির কথা জানান রিজভী।
নতুন দায়িত্ব পাওয়ায় নিজের অনুভূতি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সাহস ও শক্তি দিতে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। পাশাপাশি যারা তাকে সহযোগিতা করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
রিজভী বলেন, নতুন কোনো পদ বা দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে তাঁর মধ্যে একই সঙ্গে গর্ব ও আনন্দ কাজ করে। তবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন কি না, তা নিয়েও এক ধরনের ভয় বা আশঙ্কা থাকে। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন কি না—এই ভাবনাটি সব সময় তাঁর মধ্যে কাজ করে বলেও জানান তিনি।
এ সময় দলের সহকর্মীদের কাছ থেকে অতীতে পাওয়া সহযোগিতার কথা স্মরণ করেন রিজভী। ভবিষ্যতেও সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী অর্পিত দায়িত্ব ও বিভিন্ন কাজ সহকর্মীদের সহযোগিতা নিয়ে সুচারুভাবে সম্পন্ন করার প্রত্যয়ও ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
