বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হচ্ছে। নতুন করে চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নেন।
নতুন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হতে যাচ্ছেন বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।
অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
এ ছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান শেষে তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।
এর মধ্য দিয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। নতুন দায়িত্ব বণ্টনের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেতৃত্বে পরিবর্তন আসছে।
