ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনি রাজনৈতিক নেতা মারওয়ান বারঘৌতির মুক্তির দাবিতে আন্তর্জাতিক প্রচারণায় সংহতি জানিয়েছেন বিশ্বের ২০০ জনেরও বেশি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে মার্ভেল সিনেমার অন্তত ২০ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন।
‘ফ্রি মারওয়ান নাউ’ নামের একটি সংগঠনের ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
‘ফ্রিডম ফর মারওয়ান’ শীর্ষক প্রচারণায় যুক্ত মার্ভেল তারকাদের মধ্যে রয়েছেন ‘ডক্টর স্ট্রেঞ্জ’খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ, ‘হাল্ক’খ্যাত মার্ক রাফালো, ‘ম্যাগনেটো’খ্যাত ইয়ান ম্যাককেলেন, কেট ব্লানচেট ও টিল্ডা সুইন্টনসহ আরও অনেকে।
প্রচারণার আয়োজকদের বিবৃতিতে বারঘৌতির দীর্ঘ কারাবাস, বন্দি অবস্থায় তার ওপর কথিত সহিংস নির্যাতন এবং আইনি অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘ ও বিভিন্ন দেশের সরকারের প্রতি তাকে ইসরাইলি কারাগার থেকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত বছরের শেষ দিকে বারঘৌতির পরিবার যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের সহযোগিতায় আন্তর্জাতিক এ প্রচারণা শুরু করে। অভিনেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের সংগীতশিল্পী, লেখক ও চলচ্চিত্র পরিচালকরাও এতে স্বাক্ষর করেছেন।
এর আগে চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে বারঘৌতির মুক্তির দাবিতে একটি আন্তর্জাতিক পিটিশনে স্বাক্ষর করেন।
মারওয়ান বারঘৌতি ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহর একজন জ্যেষ্ঠ নেতা। তিনি দলটির সশস্ত্র শাখা আল-আকসা মার্টার্স ব্রিগেডসের সাবেক প্রধান। প্রথম ও দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার সময় তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন। ২০০২ সালে ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করে।
ইসরাইলের অভিযোগ অনুযায়ী, ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে একাধিক বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনায় বারঘৌতির ভূমিকা ছিল। ২০০৪ সালে ইসরাইলি আদালত পাঁচটি হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং একটি হত্যাচেষ্টার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে।
আদালত তাকে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত ৪০ বছরের কারাদণ্ড দেয়। তবে বারঘৌতি শুরু থেকেই ইসরাইলি আদালতের এখতিয়ার ও বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করে আসছেন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় কারাগারে থাকার পরও বারঘৌতি ফিলিস্তিনিদের একটি অংশের কাছে গুরুত্বপূর্ণ জাতীয় নেতা ও প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত। প্রতিবেদনে উল্লেখ করা সাম্প্রতিক এক রাজনৈতিক জরিপে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৫৪ শতাংশ ভোটার তার প্রতি সমর্থন জানিয়েছেন।
