বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দিতে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি সেবা’ চালুর প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাবও করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব প্রস্তাবে সম্মতি দিয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি, চলমান কার্যক্রম, গত ছয় মাসের অর্জন এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়েও আলোচনা করা হয়। বিষয়টি পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন পররাষ্ট্রনীতিসংক্রান্ত কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জনকে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টিও উঠে আসে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন কোনো তথ্য কমিটিকে জানানো হয়নি। ১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে অবস্থান জানিয়েছিলেন, বৈঠকে সেটিই তুলে ধরা হয়।
ওই অবস্থানে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ জন্য দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বক্তব্যই এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের অবস্থান। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করেন। তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ মিশনগুলোতে আলাদা সেবা বা ডেস্ক চালুর সুপারিশ করেছে কমিটি।
সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অংশ নেন। কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
এর আগে রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও আলোচ্যসূচি শেষ করা যায়নি।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদনব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা বৈঠকে তুলে ধরা হয়।
এ ছাড়া সরকারি ব্যয় নির্বাহে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে নেওয়া পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, এনবিআরের কাঠামোগত সংস্কার ও ট্যাক্স-জিডিপি নিয়ে আলোচনার কথা থাকলেও বৈঠক শুরুর পর সরকারদলীয় কয়েকজন সদস্য দ্রুত বৈঠক শেষ করে অন্যদিন আলোচনা করার প্রস্তাব দেন। তাঁর দাবি, কোনো আলোচ্যসূচিই শেষ হয়নি এবং কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। সরকারদলীয় কিছু সদস্য সংসদীয় কমিটিকে ‘আলংকারিক কমিটি’ হিসেবে দেখছেন বলেও অভিযোগ করেন তিনি।
কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
