যুদ্ধ শুরুর ছয় মাসের মাথায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫টি বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির গঠিত নতুন সংস্থা পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ)।
রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে কালের কণ্ঠ জানিয়েছে, গত রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানায় পিজিএসএ। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
পিজিএসএ বলেছে, কালো তালিকাভুক্ত ৪৫টি ট্যাংকারের সঙ্গে কোনো জাহাজ পণ্য বা কার্গো স্থানান্তর করলে সেই জাহাজও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
ইরানের এই পদক্ষেপ এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছে। ওয়াশিংটনের সম্ভাব্য অর্থনৈতিক চাপের পাল্টা জবাব হিসেবেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই নৌপথকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।
