রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে এই অর্থ দেওয়া হবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেবে দেশটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ সম্পন্ন করতে দেশটি সহায়তা দেবে।
তিনি জানান, ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই পানি শোধনাগার প্রকল্পে ডেনমার্কের সহায়তার পরিমাণ প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।
মীর শাহে আলম বলেন, দীর্ঘ মেয়াদে পরিশোধের সুযোগ থাকায় এ অর্থায়নের ফলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে না।
প্রকল্পটির কাজ শেষ হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। এর ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা বাড়বে।
এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তার জন্য ডেনমার্ক আরও ১০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
