বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ দিয়েছে গুগল। পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে আগ্রহী শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারবেন।
গুগলের শিক্ষার্থীদের জন্য তৈরি ওয়েব পেজের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গুগল এআই প্লাসের স্বাভাবিক মাসিক মূল্য ৬০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য ১২ মাসের এই অফারে মাসিক মূল্য শূন্য টাকা। অর্থাৎ পুরো এক বছর ব্যবহার করলে ৭ হাজার ২০০ টাকার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে।
গুগল এআই প্লাসের এক বছরের বিনামূল্যের সুবিধা পেতে শিক্ষার্থীদের প্রথমে গুগলের নির্ধারিত স্টুডেন্টস পেজে যেতে হবে। সেখানে ১২ মাসের বিনামূল্যের অফার নির্বাচন করে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।
এরপর শিক্ষার্থী হিসেবে পরিচয় যাচাইয়ের ধাপ সম্পন্ন করতে হবে। এ কাজে গুগল অনলাইন পরিচয় যাচাই প্ল্যাটফর্ম শেয়ারআইডি ব্যবহার করছে। সাধারণত শিক্ষার্থীকে নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নামসহ কিছু মৌলিক তথ্য দিতে হবে।
শেয়ারআইডি নির্ভরযোগ্য তথ্যসূত্রের সঙ্গে এসব তথ্য মিলিয়ে শিক্ষার্থী হিসেবে আবেদনকারীর যোগ্যতা যাচাই করবে। স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই করা সম্ভব না হলে অতিরিক্ত নথি জমা দিতে হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থী পরিচয়পত্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া কোনো সরকারি নথির ছবি আপলোড করতে হতে পারে।
অর্থাৎ শুধু গুগল অ্যাকাউন্ট থাকলেই এই সুবিধা পাওয়া যাবে না। শিক্ষার্থী হিসেবে যোগ্যতা যাচাই সফল হওয়ার পরই এক বছরের বিনামূল্যের সুবিধা চালু করা যাবে।
গুগল এআই প্লাসে বিনামূল্যের পরিকল্পনার তুলনায় জেমিনি অ্যাপে দ্বিগুণ ব্যবহারের সীমা পাওয়া যাবে। পাশাপাশি জেমিনির উন্নত মডেল ও বিভিন্ন এআই সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে।
শিক্ষার্থীরা পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য জেমিনি এবং জেমিনাই নোটবুক ব্যবহার করতে পারবেন। গুগলের তথ্য অনুযায়ী, জেমিনাই নোটবুক একসঙ্গে সর্বোচ্চ ২০০ পৃষ্ঠার ক্লাস নোট বিশ্লেষণ করতে পারে। এর মাধ্যমে বিভিন্ন বিষয় বুঝতে, গবেষণা করতে এবং পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা নেওয়া যাবে।
গবেষণার ক্ষেত্রে অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ এবং কুইজের মতো সুবিধাও ব্যবহার করা যাবে।
এআই প্লাসের মাধ্যমে লেখার প্রথম খসড়া তৈরি, যুক্তি সাজানো এবং ভাবনাকে আরও গুছিয়ে নেওয়ার কাজে জেমিনাই ব্যবহার করা যাবে।
এ ছাড়া ছবি ও ভিডিও তৈরির জন্য জেমিনাইয়ের বিভিন্ন এআই মডেল ব্যবহারের সুযোগ থাকবে।
গুগল এআই প্লাসের সঙ্গে গুগল ফটোস, গুগল ড্রাইভ ও জিমেইলের জন্য মোট ৪০০ জিবি ক্লাউড স্টোরেজও দেওয়া হবে।
প্যাকেজে গুগল ফ্লো, গুগল সার্চে ন্যানো বানানা, জিমেইলে জেমিনি এবং জেমিনাই নোটবুকের বাড়তি ব্যবহারের সুবিধা রয়েছে।
গুগল ফ্লোর মাধ্যমে এআই ব্যবহার করে সিনেমাটিক দৃশ্য ও গল্প তৈরি করা যাবে। পাশাপাশি গুগল ফ্লো মিউজিক ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সংগীত তৈরির সুযোগও থাকছে।
তবে ১২ মাসের বিনামূল্যের সময় শেষ হওয়ার পর সাবস্ক্রিপশন চালু থাকলে বাংলাদেশে প্রচলিত মাসিক মূল্য ৬০০ টাকা পরিশোধ করতে হবে।
