প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবার মোশাররফ করিম ও নিলয় আলমগীরের সঙ্গে অভিনীত দুটি নতুন নাটক নিয়ে দর্শকের সামনে আসছেন। এরই মধ্যে মোশাররফ করিমের সঙ্গে অভিনীত ‘সুবিধাবাদী’ প্রকাশ হয়েছে। কয়েক দিনের মধ্যে ইউটিউবে প্রকাশ পাওয়ার কথা রয়েছে নিলয় আলমগীরের সঙ্গে অভিনীত ‘কানে কম মনে বেশি’ নাটকটি।
মহিন খান রচিত ও পরিচালিত ‘সুবিধাবাদী’ প্রকাশের পর দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। একই নির্মাতার ‘কানে কম মনে বেশি’ নাটকেও অভিনয় করেছেন হিমি। এতে তার সহশিল্পী নিলয় আলমগীর।
দুটি নাটক নিয়ে হিমি বলেন, মোশাররফ করিমের সঙ্গে এর আগেও তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এবং সেগুলোতে ভালো সাড়া পেয়েছেন। ‘সুবিধাবাদী’ নিয়েও দর্শকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানান তিনি। নাটকটি প্রকাশের কয়েক দিন হয়েছে এবং সামনে এর জনপ্রিয়তা আরো বাড়বে বলে আশা করছেন অভিনেত্রী।
নিলয় আলমগীরের সঙ্গে জুটি প্রসঙ্গে হিমি জানান, জুটি হিসেবে তাদের দর্শক বেশি পছন্দ করেন। এর আগে তাদের বেশ কয়েকটি নাটক জনপ্রিয় হয়েছে। ‘কানে কম মনে বেশি’ নাটকের গল্পও সুন্দর বলে উল্লেখ করেন তিনি।
হিমি বলেন, মহিন খান নাটক দুটির গল্প লেখার পাশাপাশি যত্ন নিয়ে নির্মাণ করেছেন। এর আগে এই নির্মাতার আরো অনেক নাটকে অভিনয় করেছেন তিনি, যার বেশির ভাগই জনপ্রিয়তা পেয়েছে। সামনে মহিন খানের সঙ্গে আরো কিছু কাজ রয়েছে বলেও জানান অভিনেত্রী।
এর আগে পরপর প্রকাশিত তিনটি নাটকেও প্রশংসা পেয়েছেন হিমি। তানভীর তন্ময় পরিচালিত ‘রুপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিক পরিচালিত ‘ডিজিটাল হাবলু’ নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ে প্রতিষ্ঠা পেলেও হিমির শোবিজে পথচলা শুরু হয়েছিল নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে। ছোটবেলায় সাধনা মিত্রের কাছে গানে তার হাতেখড়ি হয়। পরে কচিকাঁচা ও ছায়ানটে গান শেখেন এবং পরবর্তী সময়ে ফেরদৌস আরার কাছে তালিম নেন। গায়িকা হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত অভিনয়ের দিকেই ঝুঁকে পড়েন তিনি।
