ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর জবাবে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পুরোনো একটি বার্তা পুনরায় প্রকাশ করেন গালিবাফ।
গালিবাফ বলেন, চলমান যুদ্ধের সমীকরণ অত্যন্ত স্পষ্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, ইরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কারও পক্ষেও তেল বিক্রি করা সম্ভব হবে না।
হরমুজ প্রণালীর নিরাপত্তা মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর নির্ভর করে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে গালিবাফ বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ওই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
প্রতিবেদনে গালিবাফের বক্তব্য হিসেবে বলা হয়, ‘হয় সবাই তেল বিক্রি করবে, নয়তো কেউ পারবে না।’ পাশাপাশি তিনি জানান, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে আঞ্চলিক অবকাঠামোর নিরাপত্তাও নিশ্চিত থাকবে না।
সূত্র: মিডল ইস্ট আই
