সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টার লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে এ হামলা চালানো হয়।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লারাক দ্বীপে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যসহ ইরানি নাগরিকদের মৃত্যুর প্রতিক্রিয়ায় আল মিনহাদ ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে আল মিনহাদ বিমানঘাঁটিকে বিদেশি বাহিনীর অন্যতম প্রধান লজিস্টিক ও বিমান পরিবহন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর লক্ষ্যেই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধের জবাব দেওয়ার এবং নিহতদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।
সূত্র: মেহের নিউজ
