প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। বিদিশার আইনজীবী মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। রাজধানীর গুলশান থানায় করা প্রতারণার মামলায় তাঁর দুই বছরের কারাদণ্ড হয়।
সাজা পরোয়ানা থাকায় গত ২৫ আগস্ট বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিদিশার আইনজীবী আতিকুর রহমান জানান, আসামির কারাবাসের মেয়াদ পর্যাপ্ত না হওয়ায় তাঁর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খানও জানান, বিদিশার কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তাঁরা জামিনের বিরোধিতা করেছেন।
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই রায়ে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।
মামলাটি ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন করেন। একই বছরের ২২ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হয়।
