জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে মালদ্বীপের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
মালদ্বীপে ইউনিসেফের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ট্র্যাক টু কপ-৩১’ কর্মসূচিতে অংশ নিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের উদ্যম, সৃজনশীলতা ও অঙ্গীকারের প্রশংসা করেন। একই সঙ্গে টেকসই, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের কারণে নিয়মিত নানা ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। জলবায়ুর ক্রমবর্ধমান পরিবর্তন দুই দেশের মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নে দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর দ্বিপক্ষীয় উদ্যোগে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার।
এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের অংশগ্রহণে ত্রিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
হাইকমিশনার বলেন, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
