ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার তিন উইকেট এবং অধিনায়ক ইমরান তাহিরের পাঁচ উইকেটের সুবাদে সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে অলআউট করে ৪ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।স্পিনে বিপর্যস্ত সেন্ট লুসিয়া
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই স্বাগতিক দলের স্পিন আক্রমণের সামনে সমস্যায় পড়ে সেন্ট লুসিয়া। দলের হয়ে কামিল পুরান ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনার ২৮ বলে ৩৫ রান করলেও অন্য ব্যাটাররা তেমন অবদান রাখতে পারেননি।
১৮.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। গায়ানার হয়ে ইমরান তাহির ৫টি এবং মিরাজ ৩টি উইকেট নেন।
সেন্ট লুসিয়া ১৪ রানে টিম সেইফার্টকে হারানোর পর জন ক্যাম্পবেলের সঙ্গে জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সেই জুটি ভাঙেন মিরাজ। এরপর কামিল পুরান ও রোস্টন চেজকে আউট করে সেন্ট লুসিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দেন ইমরান তাহির।
মিরাজও নিজের স্পেলের বাকি অংশে দারুণ বোলিং করেন। ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে তিনি সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন।
ইমরান তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ৪৭ বছর বয়সে এই সাবেক দক্ষিণ আফ্রিকান তারকার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ম্যাচের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে।
মিরাজও ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। সিপিএলে অভিষেকেই এমন বোলিং পারফরম্যান্সে নিজের আগমনের জানান দেন বাংলাদেশের এই অলরাউন্ডার।ব্যাট হাতে ব্যর্থ, তবু জয় গায়ানার
১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব স্বস্তিদায়ক ছিল না গায়ানার। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ ৪ বলে মাত্র ১ রান করে আউট হন।
তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন ৩৭ রান করে দলের জয়ের পথ সহজ করে দেন। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানার ৮ ম্যাচে পয়েন্ট হয়েছে ১৪।
