ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন প্রকল্পও আলোচনায় থাকার কথা রয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ভারত ও রাশিয়া ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিয়ে আলোচনা করছে। রাশিয়া ভারতের জন্য এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সু-৫৭ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।
এ ছাড়া ভারতের নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত সপ্তাহে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলেন মোদি এবং সংঘাত অবসানের আহ্বান জানান।
নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন পুতিন। তিনি বার্ষিক ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনেও বক্তব্য দেবেন।
সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ কয়েকজন নেতার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পুতিনের আলাদা কোনো পূর্ণাঙ্গ বৈঠক নির্ধারিত হয়নি। সি চিন পিং ও নরেন্দ্র মোদির বৈঠক শনিবার সন্ধ্যায় হওয়ার কথা। সেখানে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয় এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
বর্তমানে ব্রিকসের চেয়ার হিসেবে ভারত এবারের সম্মেলনের আয়োজন করছে। সম্মেলন শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে শুরু হওয়ার কথা।
সম্মেলনে রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকাসহ জোটের সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন। ইন্দোনেশিয়া, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও ব্রিকসের সদস্য হিসেবে সম্মেলনে অংশ নেবে।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নগোজি ওকোনজো-ইওয়েলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রুসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে যোগ দেবেন।
