এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের (এমটিও) ৪০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের প্রধান ফাহমিদা চৌধুরী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা মো. শাহীন হাওলাদার এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন।
এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণে ৪০ জন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নিয়েছেন। প্রশিক্ষণে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত আচরণ এবং দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. তৌহিদুল আলম খান বলেন, পরিবর্তনশীল আর্থিক পরিবেশে ব্যাংকারদের পেশাদারিত্ব, সততা এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিয়মিত জ্ঞান অর্জন ও কর্মক্ষেত্রে প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, নতুন কর্মকর্তাদের শুধু ব্যাংকিংয়ের নিয়মকানুন জানা যথেষ্ট নয়। গ্রাহকের সঙ্গে যোগাযোগ, দায়িত্বশীল আচরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও তাঁদের অর্জন করতে হবে।
