অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার সংগঠন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অমিয়া মতিন সভাপতি এবং তাসলিম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সিডনির এশফিল্ড টাউন হলে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০২৪-২৬ মেয়াদের সাংগঠনিক ও অর্থনৈতিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু সাংগঠনিক প্রতিবেদন এবং অর্থ বিষয়ক সম্পাদক মো. ফখরুদ্দীন আহমেদ অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে বিদায়ী সভাপতি ড. সুলতান মাহমুদের সভাপতির বক্তব্য শেষে ২০২৪-২৬ মেয়াদের কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার ডা. মেহেদি ফারহানকে।
উপস্থিত সদস্যদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন পিয়াসা বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক ড. মনিরা হক এবং অর্থ সম্পাদক মো. ফখরুদ্দীন আহমেদ।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক ন্যান্সী ব্যারেল, প্রকাশনা সম্পাদক ড. শাখাওয়াত নয়ন এবং প্রচারণা সম্পাদক হয়েছেন পুরবী পারমিতা বোস। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন নেহাল নেয়ামুল বারী, ড. সুলতান মাহমুদ, বুলবুল আহমেদ সাজু, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, আল নোমান শামীম, আনিসুর রহমান ও লিলি গোমেজ।
নতুন কমিটি আগামী দুই বছর একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এ সময়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বাংলা সংস্কৃতির বিকাশে সংগঠনটির কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
