তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং পরিবেশগত সমস্যার সম্ভাব্য সমাধানে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত চার দিনব্যাপী জাতীয় পরিবেশ উৎসব ‘গ্রিন জেনেসিস ২০২৬’ শেষ হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ৮ থেকে ১১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
উৎসবে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ নিয়ে তরুণদের ভাবনা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি করা হয়। প্রতিযোগিতা, প্রদর্শনী, কর্মশালা ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশগত বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধানও উপস্থাপন করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবে প্রায় তিন হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন। ১২টি বিভাগে সাড়ে তিন হাজারের বেশি আবেদন জমা পড়ে। এতে দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫৩টি প্রতিষ্ঠানের ৮৮টি ক্লাব এবং বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।
উৎসবের প্রথম দিন ‘আ লেটার টু নেচার’ প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে শিক্ষার্থীরা প্রকৃতির উদ্দেশে চিঠি লিখে পরিবেশ নিয়ে নিজেদের ভাবনা, উদ্বেগ ও প্রত্যাশা তুলে ধরেন।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ‘ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড’ ও ‘ক্লাইমেট ওরেটরি’। অলিম্পিয়াডে জলবায়ুবিজ্ঞান, পরিবেশগত পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়। আর ক্লাইমেট ওরেটরিতে তাঁরা জলবায়ু ও পরিবেশবিষয়ক বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য দেন।
তৃতীয় দিনে ‘গ্রিন জেনেসিস ইনস্পিরেশন’ শীর্ষক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ ছাড়া পরিবেশবিষয়ক প্রকল্প প্রদর্শনী, ইকো ডিকোড প্রবলেম-সলভিং চ্যালেঞ্জ, পোস্টার ডিজাইন, ওয়াল ম্যাগাজিন, ফটোগ্রাফি প্রদর্শনী, এআই আর্ট, এনভায়রনমেন্টাল রিল ও গ্রিন জার্নালিজমসহ বিভিন্ন আয়োজন ছিল।
অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, টেকসই সমাধান, গবেষণা, সৃজনশীল যোগাযোগ ও পরিবেশবিষয়ক গল্প বলার নানা ধারণা উপস্থাপন করেন। উৎসবজুড়ে পরিবেশবিষয়ক যোগাযোগ, গবেষণা, সাংবাদিকতা, জনসচেতনতা এবং সৃজনশীল উপস্থাপনা নিয়ে পাঁচটি কর্মশালারও আয়োজন করা হয়।
‘ইকো ডিকোড’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অঝরা ইসলাম ও আবদুল্লাহ ইসলাম। তাঁরা ‘গো বিগ গ্রিনস’ দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই বাংলাদেশ গড়তে জ্ঞান, উদ্ভাবন ও সচেতনতার সমন্বয়ে কাজ করতে হবে এবং এ ক্ষেত্রে তরুণেরা গুরুত্বপূর্ণ শক্তি।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড স্বাগত বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আউটরিচ টিমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দীপ্তি সরকার। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে সফল শিক্ষার্থীদের পুরস্কার, সনদ ও সম্মাননা দেওয়া হয়।
চার দিনব্যাপী এই আয়োজনে সহযোগী ছিল ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) ও ইয়ুথ ফর আ গ্রিন আর্থ (ওয়াইজিই)। সহ-আয়োজক ছিল ব্র্যাক ইউনিভার্সিটির লিডারশিপ ডেভেলপমেন্ট ফোরাম, এনভায়রনমেন্টাল ক্লাব, কমিউনিটি সার্ভিস ক্লাব ও ন্যাচারাল সায়েন্স ক্লাব।
