মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী।
মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না। বরং কর্মকর্তাদের জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে। দায়িত্ব সফলভাবে পালনের জন্য বিভাগীয় কমিশনারদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ দেশের প্রকৃত মালিক—এ কথা উল্লেখ করে সরকারি কর্মচারীদের মানসিকতায় সবসময় জনগণের সেবক হিসেবে নিজেদের পরিচয় ধারণ করার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী।
এ সময় তিনি সেবার মানসিকতা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভাপতিত্ব করেন। এতে সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
